চীনা মুদ্রা ইউয়ানে তেল লেনদেনের বিনিময়ে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে এই কৌশলগত জলপথে তেলবাহী জাহাজের চলাচল নিয়ন্ত্রণে রাখতে তেহরান বৃহত্তর এক পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং এই প্রস্তাব তারই অংশ। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বর্তমানে বিশ্ববাজারে অধিকাংশ তেল লেনদেন মার্কিন ডলারে হলেও সম্প্রতি নিষেধাজ্ঞার মুখে পড়া রাশিয়ার অপরিশোধিত তেল ক্রমেই রুশ মুদ্রা রুবল বা চীনা মুদ্রা ইউয়ানে বিক্রির প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের এমন প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করবে।
এদিকে ইরানে সম্ভাব্য হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরিতে তেলের দামে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বাজারের তথ্য বলছে, চলমান উত্তেজনার জেরে ইতোমধ্যেই প্রতি ব্যারেল ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪২ শতাংশেরও বেশি বেড়ে গেছে যা আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।