যশোর অফিস
যশোরে পৃথক তিনটি ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট ধোপাপাড়া গ্রামের রাশেদের চায়ের দোকানের সামনে। পূর্ব শত্রুতার জেরে মিঠু হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি রামনগর ইউনিয়নের রাজারহাট গ্রামের আক্কাস আলীর ছেলে।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের সুজন (২৮), রাজন (২৫), সুমন (৩০) তিনজনই আব্দুর রহমানের ছেলে এবং সালি (৬০) নামের আরেক ব্যক্তি মিলে জিআই পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে মিঠুকে মারধর করে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের থানার রামনগরে ভাটপাড়া গ্রামে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন বিল্লাল হোসেন (৪৫)। তিনি ভাটপাড়া গ্রামের তাইজেল মোল্লার ছেলে।
জানা যায়, বিল্লাল হোসেন স্থানীয় শফিয়ার রহমানের বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত চারতলা ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের টিবি ক্লিনিক গেটের সামনে পূর্ব শত্রুতার জেরে টিটুল (৪০) নামে এক প্রতিবন্ধী রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। তিনি শহরের নাজির শংকরপুর এলাকার মৃত আইয়ুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিটুল তার বড় বোন শিফালিকে টিবি ক্লিনিকের পাশে নামিয়ে দিয়ে ফেরার পথে সেখানে পৌঁছালে সিরাজুল (৪০), শহিদুল (৩৫) ও সুজন (২৭) তাকে একা পেয়ে দা দিয়ে কপালের বাম পাশে কোপ দেয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনাগুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়গুলো নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।