যশোর অফিস
যশোর কোতয়ালী পুলিশের অভিযানে অস্ত্র,খুন ও মাদকসহ ৩০টি মামলার আসামি রকিবুল ইসলাম রুবেলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মধ্যপাড়া এলাকার রহিমা বিবির বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মো. রকিবুল ইসলাম রুবেল (৩৬), মো. ইকলাছ উদ্দিন (২৯) ও মো. হাসান মোল্লা (৩৫) কে আটক করা হয়। তবে অভিযানের সময় মাদক ব্যবসায়ী রাজা (৩২) পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
গ্রেফতার রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে অস্ত্র, খুন ও মাদকসহ মোট ৩০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চাঁচড়া মধ্যপাড়া এলাকার ইনছান মিয়ার ছেলে মো. রকিবুল ইসলাম রুবেল (৩৬), চাঁচড়া দাড়ীপাড়া এলাকার শহর আলীর ছেলে মো. ইকলাছ উদ্দিন (২৯) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে মো. হাসান মোল্লা (৩৫)।
পলাতক আসামি রাজা (৩২) একই এলাকার হারুনুর রশিদের ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।