যশোর হত্যা মামলার চার্জশিটভুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছার মোবারকপুর গ্রামের দুই ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। তারা হলেন পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক আহ্বায়ক শামীম রেজা (৩০) ও তার ভাই শাহিন। এলাকাবাসীর দাবি,এক নেতার ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম ও শাহিনের বিরুদ্ধে ঝিকরগাছায় সংঘটিত পিয়াল হত্যা এবং কৃষ্ণনগর গ্রামের ছোটবাবু হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৯ নভেম্বর মোবারকপুর গ্রামের যুবদল কর্মী পিয়াল হত্যা মামলায় তাদের আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়, যেখানে শাহিনকে দুই নম্বর এবং শামীম রেজাকে তিন নম্বর আসামি করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে কৃষ্ণনগর গ্রামের নজর আলীর ছেলে ছোটবাবু হত্যার ঘটনায় দায়ের করা মামলাতেও এই দুই ভাইকে আসামি করা হয় এবং তদন্ত শেষে ওই মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে,চার্জশিট দেওয়ার পর থেকে নিহত পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এলাকাবাসী আরও জানান,শামীম রেজার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত মামলাও রয়েছে। একসময় ইয়াবা সেবনের সময় তাকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। পরে তিনি পাইকারি হারে ইয়াবা এনে স্থানীয় কয়েকজনের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, সম্প্রতি নির্বাচন পরবর্তী সময়ে তারা আবারও প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করেছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Read more