এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ, তিনদিনেও উদ্ধার হয়নি 

Share

যশোর প্রতিনিধি 

 এক কোটি টাকা চাঁদার দাবিতে যশোরের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণের তিনদিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে রেশমা খাতুন বলেন, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে তিন মেয়েকে নিয়ে তিনি চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দাবি করেন, তার স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না এবং তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শংকরপুর হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন জাহাঙ্গীর আলম। গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে প্রথমে তার মা জাহানারা খাতুন এবং পরে স্ত্রী রেশমা খাতুনের কাছে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে জীবিত ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান না পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা-এ অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপহৃতের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, কন্যা হৃদা ও রুপু এবং ভগ্নিপতি নুরুজ্জামান মিয়া।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিবারের দাবি, দ্রুত জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার, অপহরণকারীদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক।

Read more