যশোর অফিস
যশোর সদর থানায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ‘অপহরণ ও সহায়তার’ অভিযোগে ঘটনার প্রায় দুই সপ্তাহ পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় সদর উপজেলার রামনগর সতীঘাটা কামালপুর এলাকার কিশোর বিশ্বাস (৪০), তার ছেলে তন্ময় বিশ্বাস (২০) এবং আনন্দ বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস (২৬)-কে আসামি করা হয়েছে।
এজাহারে ভুক্তভোগী ছাত্রীর পিতা উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আসামি তন্ময় বিশ্বাস দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তন্ময় ক্ষিপ্ত হয়ে নানা ভাবে বিরক্ত ও ক্ষতির চেষ্টা করেন।
গত ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগে থেকে ওৎ পেতে থাকা তন্ময় তাকে ফুঁসলিয়ে একটি মোটরসাইকেলে তুলে দ্রুত মেইন রোডের দিকে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার তন্ময়ের বাবাসহ স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তারা মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং স্থানীয়ভাবে শালিসও হয়। কিন্তু পরে মেয়েকে ফেরত না দিয়ে নানা টালবাহানা করায় বাধ্য হয়ে থানায় মামলা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।
তবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্ময়ের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে ৮ ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে করেছে। এখানে অপহরণের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পিতা আইনের আশ্রয় নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।