যশোর প্রতিনিধি: যশোরে, ১৪ ফেব্রুয়ারি: যশোর সদর উপজেলার মুনসেপপুর গ্রামে মাদ্রাসার জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. আব্দুর রশিদ (৫৩), পিতা মৃত মোতালেব মোল্লা; ইউসুফ (৫২) ও ইব্রাহিম খলিল (৪৫), পিতা মৃত আব্দুল মালেক; এবং জেসমিন (৪৫), স্বামী ইউসুফ। তারা সবাই সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেপপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনসেপপুর ইবতেদায়ি মাদ্রাসার জমি ও কথিতভাবে মাদ্রাসা ভবন ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।