যশোরে হোটেল ম্যানেজারকে মারধর ও প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ 

Share

যশোর অফিস 
যশোর শহরের ঝালাইপট্টি এলাকায় একটি হোটেলে প্রবেশ করে ম্যানেজারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হোটেলটির ম্যানেজার সুলতান (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়,সুলতান যশোর শহরের ঝালাইপট্টি এলাকার স্বপ্নপুরী হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে স্থানীয় আনারুল (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ব্যক্তি হোটেলে এসে নেশাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছিল। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তারা সুলতানকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় হোটেলে এসে জোরপূর্বক কক্ষ নেওয়ার চেষ্টা করে। কক্ষ দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলের রিসেপশনে অবৈধভাবে প্রবেশ করে সুলতানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে নীলাফোলা জখম করে। একপর্যায়ে তাদের কাছে থাকা কথিত বেআইনি অস্ত্র দেখিয়ে সুলতানকে জিম্মি করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সুলতানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং নিজেকে নিরাপত্তাহীন মনে করে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে,লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।

Read more