যশোর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল ও যশোর জেলায় সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩টি জেলার ১৬টি উপজেলা এবং ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নড়াইল জেলার ২টি আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার আরও ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে যশোর ব্যাটালিয়নের অধীনে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে নিয়মিত টহল ও রেকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।
নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানায়,সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।