যশোর অফিস
যশোর শহরের উপশহরে জুবায়ের রহমানের বাড়িতে রোববার ভোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে স্বর্ণালংকার, ল্যাপটপ, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে জুবায়ের রহমান উল্লেখ করেন, গত ২৩ জানুয়ারি শুক্রবার তিনি একটি বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে অংশ নেন। পরদিন শনিবার রাত তিনি আত্মীয়কে বিদায় জানাতে খাজুরা বাসস্ট্যান্ডে যান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির নিচতলায় অবস্থান করছিলেন।
রোববার ৫টার দিকে তিনি নিজ কক্ষের দরজা খোলা দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, একটি ল্যাপটপ (মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা), ৪ ভরি ওজনের স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা), ব্যাগে রাখা ১০ হাজার টাকা, লাগেজে থাকা প্রায় ৬০ হাজার টাকার কাপড়-চোপড় এবং একটি ছোট ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন ডকুমেন্টস চুরি হয়েছে।
এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনুপ কুমার জানান, তিনি বলেন চুরির ঘটনাটি শুনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।