তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু নয়

Share

তানভীর আহমেদ ও শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও থেকে: ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না।

তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে এবং শস্যভাণ্ডার খ্যাত উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে।

আমরা যা উৎপাদন করি, তার ন্যায্যমূল্য পাই না। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং বাংলাদেশ সারা বছর তাজা ফসলের প্রাচুর্য পাবে।
তিনি আরও বলেন, সারাদেশের ৬৪ জেলায় একটি করে উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে এবং বঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে।

প্রথমত, দুর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না। দ্বিতীয়ত, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না।
তৃতীয়ত, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই। এ দেশের যুবকরা কাজ করে খেতে চায়। ভোটে নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল কাজ শিখাতে চাই।

Read more