যশোর অফিস
যশোরে নেশাগ্রস্ত এক ছেলের হাতে তার মা আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী লায়লা পারভীন শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা। তিনি মঙ্গলবার রাতে তার ছেলে সায়েম রেজার বিরুদ্ধে থানায় এ মামলা করেন। এ ঘটনায় তার মেয়ে জান্নাতী তাজরীকেও আঘাত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছেলে সায়েম রেজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির। সে এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং প্রায়ই তার মা ও বোন জান্নাতী তাজরী (২৬)কে মারধর করে আসছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি সকালে সায়েম তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে। এতে লায়লা পারভীনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে সায়েম বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তা তার মায়ের ডান চোখের পাশে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় সে তার বোনকেও খারাপ আচরণ ও মারধরের চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সায়েম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত লায়লা পারভীনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।