যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত

Share

যশোর অফিস: যশোরের ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ঝিকরগাছা থানার পানিসারা এলাকায় ব্যাটারিচালিত ভ্যানচালক মজিবুর রহমান (৫৫) গুরুতর আহত হন। তিনি পানিসারা গ্রামের মৃত গোলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় পানিসারা ব্রিজের কাছে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ইজিবাইক ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে মনিরামপুর চিনেটোলা বাজার এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিমুল (২৩) নামে এক যুবক গুরুতর আহত হন। তিনি মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা যায়, মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ফকির রাস্তার মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন।

প্রথমে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Read more