যশোর চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

Share

যশোর অফিস 
 যশোরের চৌগাছায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ঝাউতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের ভাইয়ের ছেলে জহুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি দাবি করেন,আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়ার মাঠে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাস ও আব্দুস সালামের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দুই পক্ষ থেকেই থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ইউপি সদস্য আলী কদরের কাছে অবৈধ পিস্তল থাকার অভিযোগ এবং ঘটনার সময় প্রকাশ্যে অস্ত্র বের করার যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন থাকলেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করা হয়।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এসব মিথ্যা মামলা ও অপপ্রচার অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সামসুর রহমান, জুলফিকার, জামাত আলী, আক্তারুলজ্জামান বলু, জসিম উদ্দিন, বাবর আলী, রোমেনা বেগম, সালমা বেগম, সাগরিকা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত থাকায় একপর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

Read more