যশোর অফিস
বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত থেকে এক বাংলাদেশি কিশোরকে নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রত্যাবর্তিত কিশোরের নাম শামিম (১৬)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন।
সূত্র জানায়,শামিম ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ভারতে যান। পরবর্তীতে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল কাশ্মীর পুলিশের হাতে আটক হন। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়, যেখানে তিনি প্রায় এক বছর সাত মাস ছিলেন।
দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হয়। প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কিশোরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটির ভবিষ্যৎ পুনর্বাসন ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।