যশোর সাড়াপোলে কুপিয়ে জখমের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি

Share

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সাড়াপোল (রূপদিয়া) গ্রামে বাড়িতে ঢুকে শরিফুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
আহত শরিফুল ইসলাম (৪৫) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত হলেও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং সম্ভাব্য কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মুদি দোকানদার জালাল ও শহিদুল পুরো ঘটনার পেছনের বিষয় সম্পর্কে অবগত। তাদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদিও এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় বিভিন্ন পক্ষ তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ আপস-মীমাংসার প্রস্তাব দিচ্ছে, আবার কেউ প্রভাব খাটিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলেও স্থানীয়দের অভিযোগ।
আহত শরিফুল ইসলামের পরিবার জানায়, জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার আব্দুল খালেকের নেতৃত্বে সাড়াপোল রূপদিয়া গ্রামের শহিদুল শিমুল ও জালালসহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে শরিফুল ইসলামের ওপর হামলা চালায়।
এ বিষয়ে যশোর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) বাবুল আক্তার বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Read more