বিদেশি দূতদের ব্রিফ করল সরকার, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ

Share

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান পরিস্থিতি অবহিত করতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রিফিং করছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদেশি কূটনীতিক ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে চীন, মালয়েশিয়া, রাশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, জার্মানি, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশের কূটনীতিকরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি অবহিতকরণ সভা আয়োজন করে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবেন, তাও তাদের অবহিত করা হয়। তাদের নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদের জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

Read more