যশোর অফিস
যশোর শহরের বকচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলেও হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই সরোয়ার হোসেন জানান,দুপুর সাড়ে ১২টার দিকে আরাফাত মোটরসাইকেলে করে সজীব (২৫) নামের এক যুবককে সঙ্গে নিয়ে মনিহার প্রেক্ষাগৃহ এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে বকচর এলাকায় পৌঁছালে রোড ডিভাইডারের একটি পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.রাহুল দেব ঘোষ বেল আড়াইটার দিকে আরাফাত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি চলছে।