যশোর অফিস: যশোরের পুলেরহাটে ইজিবাইক চুরি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাতে জখমের অভিযোগে জিন্নাত আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী হৃদয় হোসেন রিপনের অভিযোগ, গত ১৯ নভেম্বর জিন্নাত কৌশলে তাকে চেতনানাশক পানি খাইয়ে ইজিবাইক চুরি করে নড়াইলে বিক্রি করেন। পরে ৯০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি টাকা ফিরিয়ে দেননি।
গত ২ ডিসেম্বর সকালে পুলেরহাটে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে জিন্নাত রিপন, তার বাবা ও মাকে বার্মিজ চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান। আহতরা হাসপাতালে চিকিৎসা নেন।
বুধবার সকালে স্থানীয়রা জিন্নাতকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।