যশোর অফিস
যশোরে ফের বেপরোয়া হয়ে উঠেছেন বহুমুখী প্রতারক শামসুর রহমান নীরব। কখনও নিজেকে পুলিশ কর্মকর্তা, কখনও মানবাধিকার কর্মী বা সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বীর নারায়নপুর গ্রামের নীরবের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। পূর্বে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে তিনি আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
নীরব একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। বাঘারপাড়ার সুমাইয়া ইয়াসমিন, চুয়াডাঙ্গার সুইটি খাতুন ও ময়মনসিংহের তাবাসসুম জামান ভাবনাসহ আরও কয়েকজন তার প্রতারণার শিকার হয়েছেন।
এছাড়া নীরবের বিরুদ্ধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে স্ট্যাম্প ও ব্ল্যাংক চেক নিয়ে টাকা হাতিয়ে নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
যশোর জেলা পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করেছে যেন কেউ তার ভুয়া পরিচয়ে বিভ্রান্ত না হয়।
অভিযুক্ত নীরব অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বলেছেন আমার বিরুদ্ধে“এসব সাজানো গল্প ও মিথ্যে বানোয়াট।”