যশোরে চুরির মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

Share

যশোর অফিস 
যশোর শহরের ষষ্টিতলা এলাকায় শিক্ষক দম্পতি ও সমাজসেবা অফিসারের ভাড়াবাড়িতে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি আজিজুর রহমান রিপন (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হামিদুর রহমান জানান, গত ৮ মে ষষ্টিতলা পিটিআই রোডের এবিএম আখতারুজ্জামানের বাড়িতে চুরি হয়। ওই বাড়িতে ভাড়া থাকতেন ঝিকরগাছার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার আলম ও তাঁর স্ত্রী যশোর জিলা স্কুলের শিক্ষক জামিলা খাতুন। ওই দিন বিকেলে জামিলা খাতুন বাসায় ফিরে দেখেন, দরজার তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। একই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা মণিরামপুর উপজেলার সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের বাসাতেও একইভাবে চুরি হয়।
চুরির ঘটনায় থানায় মামলা হলেও এত দিন পুলিশ কোনো আসামি শনাক্ত করতে পারেনি। গত বুধবার ভোরে যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশের ধারণা, রিপন একজন চিহ্নিত চোর ও মাদকসেবী। তাঁর বিরুদ্ধে কোতয়ালি থানায় চারটি মামলা রয়েছে। ষষ্টিতলার ওই চুরির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পুলিশ মনে করছে। বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Read more