যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের সোনাকুল গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ইট দিয়ে আঘাত করার ঘটনায় তিনি মৃত সন্তান প্রসব করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ নাজমা খাতুন (৩৬), পিতা মৃত নজরুল ইসলাম, স্বামী চঞ্চল হোসেন, সাং সোনাকুল, বাঁকড়া ইউনিয়ন, ঝিকরগাছা, যশোর। প্রতিবেশী মোছাঃ ডলি খাতুন (৪০) ও তার মা ফাতেমা খাতুন (৬০)-এর সঙ্গে জমিতে থাকা বাঁশ নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
গত ৯ অক্টোবর দুপুর ১২টার দিকে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ডলি খাতুন ইট দিয়ে নাজমার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নাজমাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত সন্তান প্রসব করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ডলি খাতুন ও ফাতেমা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।