যশোর অফিস
যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তার- সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন এবং অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে সামনে ‘দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর প্রাণনাশের হুমকি সাংবাদিক সমাজের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। তারা হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
গত শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে প্রথমে দৈনিক যশোর বার্তার অনলাইন এডিটর জাহিদ হাসান সোহানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে একাধিক হুমকিসূচক কল আসে। ওই কলের মাধ্যমে যশোরের চৌগাছার আম্রকাননপাড়া এলাকার মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য, আবু মাইকের মালিক আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিক সবুজ ওরফে “ফেন্সি সবুজ” তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।
একই রাতে রাতে দৈনিক যশোর বার্তা-এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনকেও ফোনে একইভাবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রথমে কলকারী নিজেকে চৌগাছার সিংহঝুলী এলাকার রায়হান হিসেবে পরিচয় দিলেও, কথোপকথনের একপর্যায়ে নিজের আসল পরিচয় “ফেন্সি সবুজ” বলে প্রকাশ করে। সাংবাদিকদের ধারণা, কলটি মালয়েশিয়া থেকে করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ দৈনিক যশোর বার্তা পত্রিকায় “চৌগাছায় ফেনসিডিল কারবারের একচ্ছত্র আধিপত্যে সবুজ, ম্যানেজারের ভূমিকায় সৈকত; কারবারের নেতৃত্ব দিচ্ছে মালয়েশিয়া থেকে”—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর থেকেই ফেন্সি সবুজ সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। শনিবার তিনি পুনরায় মেসেঞ্জারে কল করে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখান। এসময় তিনি নিজেই স্বীকার করেন যে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গেও জড়িত। কথোপকথনের রেকর্ড সাংবাদিকদের কাছে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সম্পাদক শিহাব উদ্দীন ও অনলাইন এডিটর জাহিদ হাসান সোহান। যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি নম্বর ১৬১৫ এবং চৌগাছা থানায় জিডি নম্বর ৮৭১।