যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Share

যশোর অফিস 
যশোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার ও মঙ্গলবার জেলার অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে সোমবার সকালে অভয়নগরের আলীপুরে যশোর-খুলনা মহাসড়কে। সেখানে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আবুল কালাম খান (৫৫) নিহত হন। তিনি উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার মৃত ইনসার আলী খানের ছেলে। নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, সকালে সবজি ক্ষেত থেকে পটল নিয়ে সাইকেলে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন আবুল কালাম। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান জানান, ট্রাকটি পালিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে একই দিন দুপুরে মনিরামপুর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর মসজিদ এলাকায়। কভারভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ (২০) নামে এক যুবক নিহত ও সোহান (১৫) নামে অপরজন গুরুতর আহত হন। নিহত আকাশ রামনগর হাতিপোতা এলাকার সাইদুল ইসলামের ছেলে এবং আহত সোহান একই এলাকার হাশেম আলীর ছেলে। স্থানীয়রা জানান, তারা রাজারহাট থেকে কুয়াদাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আকাশ মারা যান এবং আহত সোহানকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ছিল না এবং আরোহীদের মাথায় হেলমেটও ছিল না।
তৃতীয় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে বাঘারপাড়ার জোহরপুর তেলকুপ রোডে। সেখানে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর সময় তারিফ মাহমুদ (৩৭) নামে এক যুবক বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে সংঘর্ষে আহত হন। তার বাঁ পায়ে হাঁটুর নিচে বাঁশ ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন,তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।পুলিশ তিনটি দুর্ঘটনারই তদন্ত করছে।#

Read more