যশোর শহরের রেলগেটে ককটেল হামলার ঘটনায় মামলা

Share

যশোর অফিস
যশোর শহরের রেলগেটে যুবকের ওপর ককটেল হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় পুলেরহাট এলাকার কবিরের ছেলে মুরাদ, রেলগেট চোরমারা দীঘিরপাড় এলাকার রবি ওরফে পিচ্চি রবি এবং অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, প্রাইভেটকারচালক রনি শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার কথা বলেন। রনি জানান, তিনি তখন অন্য ভাড়ায় ব্যস্ত আছেন এবং যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
প্রায় আধা ঘণ্টা পর আসামিরা তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা নকীব ইকবাল হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।”

Read more