যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) আন্দুলিয়া, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ইজিবাইক, নছিমন, মোটরসাইকেল ও শাড়ীসহ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান সবসময়ই চলমান থাকবে।