যশোরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ,স্মারকলিপি প্রদান

Share

যশোর অফিস 
ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের অভিযান স্থগিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। একই সাথে, তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।
যশোর জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঘেরাও কর্মসূচি পালন করে।
যানজটের কারণে সম্প্রতি যশোর পৌরসভা লাইসেন্স বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের ঈদগাহ মোড়ে জড়ো হন চালকরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এসময় মিছিলে অংশগ্রহণকারী চালকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিক নেতৃবৃন্দ। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ব্যাটারিচালিত এই যানগুলো বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। স্বল্প আয়ের মানুষরা ঋণ নিয়ে এই যানগুলো কিনেছেন। হঠাৎ করে এগুলো বন্ধ করে দিলে তারা ঋণের বোঝা মাথায় নিয়ে বিপাকে পড়বেন। এই পরিস্থিতিতে, অভিযান স্থগিত করে তাদের জন্য একটি টেকসই সমাধান বের করার আবেদন জানানো হয়েছে।
শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থ বিরোধী এই ধরনের অভিযান পরিচালনা করা যাবে না। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেবেন।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে যশোর শহরে যানজট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের দাবি তোলেন। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হবে।
তিনি আরও বলেন,এই সিদ্ধান্ত বাস্তবায়নে পৌরসভা বদ্ধপরিকর। তবে আমরা যশোরবাসীর সহযোগিতা কামনা করছি।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন যশোর শ্রমিক দলের সভাপতি আবু জাফর, যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক ইমদাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ। পৌর প্রশাসক কর্তৃক পরিচালিত অভিযান প্রত্যাহার না হলে শিগগিরই রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করবে।

Read more