যশোরে টাকা চুরির অভিযোগে কিশোরকে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

Share

যশোর অফিস 
যশোর শহরের ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরীর একটি প্যাকেজিং কোম্পানির হেড অফিস থেকে টাকা চুরির অভিযোগে ইয়ামিন (১৬) নামে এক কিশোর গণপিটুনির শিকার হয়ে আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন (পিতা: ইনামুল, সাং: দাইতলা, ইউপি: ফতেপুর, থানা: কোতোয়ালি) গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ওই প্রতিষ্ঠানের হেড অফিস থেকে প্রায় ৩৮ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। পরে ২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোম্পানির লোকজন সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে।
অভিযুক্ত ইয়ামিনের বাড়িতে গেলে এলাকাবাসী ও কোম্পানির লোকজন মিলে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে উদ্ধার করে এবং কোম্পানির লোকজনের মাধ্যমে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Read more