যশোরে মাদকমুক্ত আলোকিত সমাজ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Share

যশোর অফিস: যশোরে মাদকমুক্ত আলোকিত সমাজ গঠন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার রাতে সদর উপজেলার সিলুমপুর যুব সমাজের আয়োজনে অভিভাবক ও গ্রামের সুশীল সমাজকে নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কেন্দ্রীয় কারা হাসপাতালের ইনচার্জ ও স্বেচ্ছাসেবী সংগঠন এইচডিও সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালি মডেল থানার এএসআই ইয়ার আলী।

দোয়া পরিচালনা করেন ও বিশেষ আলোচক ছিলেন, সিলুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়ছে চুরি, ডাকাতি ও খুন-খারাপির মতো অপরাধ। মাদক শুধু শরীর ও মনকেই ধ্বংস করে না, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায়।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

আলামিন হোসেনপর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো. শরীফ হোসেন, সাবেক সেনা সদস্য মো. সাজ্জাদ হোসেন সেলিম, সাবেক ইউপি সদস্য মো. সেলিম হোসেন, এডভোকেট মো. বিল্লাল হোসেন, মাওলানা মো. মঈন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Read more